শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী বাজার বড় মসজিদের বিতর্কিত নবগঠিত কমিটির অধীনে মসজিদ মার্কেট ও মসজিদের পাঁচতলা ভবনের ভিত্তি স্থাপন কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মসজিদের সাবেক কমিটির সদস্যবৃন্দ।
আজ (মঙ্গলবার) সকাল ১০টায় ঝিনাইগাতী বাজারে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মসজিদের সাবেক কমিটির সভাপতি আলহাজ্ব মো. লুৎফুর রহমান।
উপস্থিত ছিলেন মোঃ বাদশা মিয়া, মোঃ আবু বক্কর বিএসসি, হাফেজ মোঃ আব্দুল আজিজ ও আলহাজ্ব মোঃ জহুরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন সাবেক কমিটির দাবি, বর্তমান বিতর্কিত নবগঠিত কমিটিগণ কোনো প্রকার তোয়াক্কা না করে ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জায়গায় টেন্ডারের মাধ্যমে দোকান বরাদ্দ দেন এবং এ সময় কোটি টাকারও বেশি জামানত বাবদ অর্থ আদায় করেন।
বক্তারা আরও বলেন, স্থানীয় ধর্মপ্রাণ নামাজি ও সৎ ব্যক্তিদের নিয়ে পুনরায় একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক কমিটি গঠন করা প্রয়োজন। এ বিষয়ে তারা উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগও দাখিল করেছেন।