জামালপুরের ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। সোমবার (৪ মে) বিকেলে ইসলামপুর মিনি স্টেডিয়ামে বালক ও বালিকা বিভাগের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় স্থানীয় ক্রীড়াপ্রেমীসহ অভিভাবক ও শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএএম আবু তাহের, একেএম সহিদুর রহমান, নাসিদা সাফিজ বিন্তি এবং শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। রোমাঞ্চকর লড়াইয়ে বালক বিভাগে পচাবহলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে সিরাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
অন্যদিকে বালিকা বিভাগে হাড়িয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় দারুণ নৈপুণ্য দেখিয়ে ৪-১ গোলে গোয়ালেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলগুলোর হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে আনন্দের আবহ সৃষ্টি করে।