জামালপুরের মেলান্দহ পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) সকালে পৌর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী এসব প্রকল্পের উদ্বোধন করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেলান্দহ পৌরসভার প্রশাসক জিন্নাতুল আরা।
জানা গেছে, উপজেলার মেলান্দহ পৌরসভাধীন আল আকসা ইসলামী একাডেমীর গেইট (স্টেশন রোড) থেকে মোঃ সরুয়ার হোসেনের বাড়ি পর্যন্ত ড্রেনসহ আরসিসি রাস্তা নির্মাণ।
মেলান্দহ বাজারের ছাগলহাটি থেকে মুরগীহাটি অভিমুখী রাস্তাটি ড্রেনসহ আরসিসি করণ।
চাকদহ আয়ুব খানের বাড়ি হইতে প্রয়াত মোখলেছুর রহমানের বাড়ি পর্যন্ত ড্রেন নির্মাণ।
দিঘলবাড়ি সরবত হোসেনের বাড়ি হতে আব্দুল জলিলের বাড়ি পর্যন্ত রাস্তা ইটের সলিং বসিয়ে উন্নতকরণের প্রকল্পসহ মোট চারটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
মেলান্দহ পৌরসভার অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্প গুলির উদ্বোধনকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মন্জুরুল কবির মন্জু, মেলান্দহ পৌরসভার সহকারী প্রকৌশলী মুহাম্মাদ মোয়াক্ষির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মেলান্দহ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও আল আকসা ইসলামী একাডেমীর পরিচালক মোঃ মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আতাউল হক চিশতী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ওমর আলী, মেলান্দহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেলান্দহ পৌরসভার সহকারী প্রকৌশলী মুহাম্মদ মোয়াক্ষির হোসেন জানান, পৌরসভার চারটি উন্নয়ন প্রকল্পে ব্যয় হবে ৫৪.১৫ লক্ষ টাকা। অর্ধকোটিরও বেশি টাকা ব্যয়ে প্রকল্প গুলি বাস্তবায়ন হলে, পৌরবাসী উন্নত রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার সুবিধা পাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জিন্নাতুল আরা বলেন, মেলান্দহ পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে মেলান্দহ পৌরবাসীর দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘব হবে এবং নাগরিক সেবার মান আরও উন্নত হবে।