বাগেরহাটের শরণখোলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০ গ্রাম গাঁজাসহ মোঃ মোস্তফা কামাল (৫২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত মোস্তফা কামাল উপজেলার ১ নং ধানসাগর ইউনিয়নের ছইলাবুনিয়া গ্রামের মৃত গনি তালুকদারের ছেলে। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে পূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানমের নির্দেশনায় পরিচালিত এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) বিনয় কুমার হাওলাদার, এসআই লোকমান, এএসআই সবুজ আবদুল্লাহ এবং থানার একটি চৌকস দল। অভিযান চালিয়ে নিজ এলাকা থেকেই তাকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানমের নেতৃত্বে এ ধরনের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানের ফলে উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকার সচেতন মহল পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।