জামালপুরের মাদারগঞ্জে পুলিশি মামলার ভয় দেখিয়ে এক প্রবাসীর স্ত্রীকে আতঙ্কিত করে ৩৫ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।
অপরিচিত মোবাইল নম্বর থেকে ফোন করে স্বামীর বিরুদ্ধে জাল টাকার মামলা হয়েছে বলে ভয় দেখিয়ে বিকাশের মাধ্যমে ওই টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী রোকসানা বেগম (৩০)।
ঘটনাটি ঘটেছে উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নের বীরপাকেরদহ গ্রামে । এ ঘটনায় ভুক্তভোগী রোকসানা বেগম মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট দুপুর আনুমানিক ১টার দিকে রোকসানা বেগমের ব্যবহৃত মোবাইল নম্বরে অপরিচিত কয়েকটি নম্বর থেকে ফোন আসে। ফোনে তাকে জানানো হয়, তার স্বামী আব্দুল হালিমের ব্যবহৃত নগদ নম্বরের বিরুদ্ধে জাল টাকার মামলা হয়েছে। ওই মামলা থেকে নম্বরটি অবমুক্ত করে বিষয়টি মীমাংসা করতে হলে ৩৫ হাজার ৫০০ টাকা দিতে হবে বলে জানানো হয়।
এ সময় প্রতারকরা আরও ভয় দেখিয়ে বলেন, টাকা না দিলে তার স্বামীর বিরুদ্ধে মামলা হবে এবং পুলিশ তাদের বাড়িতে যাবে। এমনকি পরবর্তীতে আরও বড় ধরনের আইনি জটিলতায় পড়তে হতে পারে বলেও আতঙ্ক সৃষ্টি করা হয়।
অভিযোগে রোকসানা বেগম উল্লেখ করেন, অপরিচিত ব্যক্তিদের কথাবার্তায় বিশ্বাস করে এবং সরল বিশ্বাসে তাদের দেওয়া নির্দেশনা অনুযায়ী একটি মোবাইল নম্বরে নগদ ৩৫ হাজার ৫০০ টাকা পাঠান। টাকা পাওয়ার পরও প্রতারকরা পুনরায় আরও ৩৫ হাজার টাকা দাবি করে। এতে তার সন্দেহ হলে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান। পরে ওই নম্বরগুলোতে যোগাযোগের চেষ্টা করলে কোনো সাড়া পাওয়া যায়নি এবং নম্বরগুলো বন্ধ পাওয়া যায়।
পরবর্তীতে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে রোকসানা বেগম বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। এরপর আত্মসাৎ করা টাকা উদ্ধারের পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে মাদারগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী রোকসানা বেগম বলেন, ‘ফোনে পুলিশ ও মামলার কথা বলে এমনভাবে ভয় দেখানো হয়েছিল যে, আমরা আতঙ্কিত হয়ে যাই। স্বামীকে মামলা থেকে বাঁচাতে দ্রুত টাকা পাঠিয়ে দিই। পরে বুঝতে পারি আমরা প্রতারণার শিকার হয়েছি।’
স্থানীয়রা জানান, সম্প্রতি বিভিন্ন এলাকায় অপরিচিত নম্বর থেকে ফোন করে মামলা, গ্রেপ্তার কিংবা পুলিশের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটছে। বিশেষ করে প্রবাসীদের পরিবারের সদস্যদের টার্গেট করে প্রতারকরা নানা কৌশল অবলম্বন করছে।
সচেতন মহল বলছে, কোনো ব্যক্তি ফোন করে পুলিশ, আদালত বা মামলার কথা বলে টাকা দাবি করলে সরাসরি টাকা না দিয়ে সংশ্লিষ্ট থানা কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি যাচাই করা উচিত। পাশাপাশি অপরিচিত ব্যক্তির দেওয়া কোনো নম্বরে টাকা পাঠানো থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিষ রায় বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।