নীলফামারীতে নাছরিন নাহার (৩৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে চারজনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এর আগে বুধবার মধ্যরাতে সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের লালপাড়া এলাকাস্থ আব্দুল মান্নানের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নাছরিন নাহার নীলফামারী শহরের কলেজ পাড়া এলাকার আব্দুল জব্বারের মেয়ে এবং লালপাড়া এলাকার আব্দুল মান্নানের স্ত্রী।
মামলা সূত্রে জানাযায়, চার বছর আগে কুন্দুপুকুর লালপাড়া এলাকার মৃত. আব্দুল মজিদের ছেলে আব্দুল মান্নানের সাথে বিয়ে হয় নাছরিনের। প্রথম স্ত্রী মারা যাওয়ায় নাছরিনকে দ্বিতীয় বিয়ে করেন আব্দুল মান্নান। বিয়ের সময় জামাতাকে পাঁচ লাখ টাকা যৌতুক হিসেবে দেয় মেয়ের পরিবার। কিছুদিন থেকে আরও তিন লাখ টাকা যৌতুকের জন্য নাছরিনকে চাপ দিচ্ছিলো মান্নান ও তার পরিবার।
এরই জের ধরে বুধবার রাতে (২৬ আগস্ট) জামাতা আব্দুল মান্নান, বড় ভাই দেলোয়ার হোসেন, প্রথম স্ত্রীর ছেলে আলমগীর হোসেন ও তার স্ত্রী আরিফা বেগম মারধোর করে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচারণা শুরু করা হয়। নাছরিনের পিতা আব্দুল জব্বার অভিযোগ করে বলেন, ৩ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিচ্ছিল ছেলের পরিবার। কয়েক দফায় শারীরীক মানসিক নির্যাতন করা হয়। এ নিয়ে বিচার শালিশও করা হয়। ঘটনার দিন আবারও যৌতুকের জন্য চাপ দেওয়া হলে মেয়ে এর প্রতিবাদ জানানোয় তাকে হত্যা করা হয়।
আব্দুল জব্বার বলেন, এটা পরিকল্পিত হত্যাকান্ড। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরা দেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নাছরিন নাহারের বাবা আব্দুল জব্বার বাদী হয়ে নীলফামারী জেলা সদর থানায় মামলা করেছেন।