নীলফামারী সদর উপজেলার ১১ নং সোনারায় ইউনিয়নের সোনারায় চক দুবুলিয়া গ্রামের ডাঙ্গাপাড়ায় বিয়ের দাবিতে এক কিশোরীর অনশনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কিশোরীর দাবি, একই এলাকার জাবেদ আলীর ছেলে আব্দুল্লাহর সঙ্গে তার দীঘদীনের প্রেমের সম্পর্ক রয়েছে এবং তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে। বর্তমানে সে ২ মাসের অন্তঃসত্ত্বা বলেও দাবি করেছে অনশনে বসা কিশোরী।
তার দাবি, আব্দুল্লাহ তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বর্তমানে বিয়েতে সম্মতি না দেওয়ায় তিনি ওই বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন।
তার ভাষ্য অনুযায়ী, আব্দুল্লাহ তাকে একটি মুঠোফোন উপহার দেয় সবসময় কথা বলার জন্য এবং এই মুঠোফোন দিয়ে আব্দুল্লাহ তার সাথে যোগাযোগ করতো, সম্পর্ক গভীর হলে আব্দুল্লাহ তার সাথে শারিরীক সম্পর্ক শুরু করে। বর্তমানে তিনি গর্ভবতী বলেও দাবি করেছেন।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, আব্দুল্লাহ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়ে বর্তমান ঢাকায় অবস্থান করছেন। অন্যদিকে অনশনে বসা কিশোরী অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে। অপ্রাপ্তবয়স্কদের বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। একই সঙ্গে কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার দাবি সত্য হলে তার স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখার দাবি উঠেছে।
এ বিষয়ে আব্দুল্লাহ ও তার পরিবারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা, কিশোরীর গর্ভধারণ এবং সংশ্লিষ্টদের বয়স সম্পর্কে সরকারি বা চিকিৎসা সূত্রের নিশ্চিত তথ্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।