জামালপুরের মাদারগঞ্জে প্রতিবেশীর বিরুদ্ধে জমি দখল, অতিরিক্ত জমি দাবি, হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মোঃ বাবুল মিয়া। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ বাবুল মিয়া বলেন, তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বড় ভাংবাড়ি গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে প্রতিবেশী আবু সাঈদ মুন্সি, মোঃ শফিকুল, মোঃ রফিকুল গংদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।
বাবুল মিয়ার দাবি, প্রায় ১২ বছর আগে খতিয়ান নং-৩৮ এর দাগ নং-১৮১৮ এবং খতিয়ান নং-৪৭৩ এর দাগ নং-১৮১৯, ১৮২৪ ও ১৮২৫ নম্বর দাগের জমি থেকে প্রতিবেশীদের কাছে মোট ৭ শতাংশ জমি বিক্রি করেন তিনি। বিক্রির পর ক্রেতারা সেখানে বাড়িঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস ও ভোগদখল করে আসছেন। তবে বাবুল মিয়ার অভিযোগ, বিক্রি করা ৭ শতাংশ জমির চেয়ে বেশি জায়গা অভিযুক্তরা দখলে রেখেছেন। সম্প্রতি তারা আরও ১ শতাংশ জমি পাবেন বলে দাবি করে। বিষয়টি নিয়ে সঠিকভাবে জমি পরিমাপ করে সীমানা নির্ধারণের কথা বললে তারা বিরোধে জড়িয়ে পড়েন এবং বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।
বিষয়টি সমাধানের জন্য স্থানীয়ভাবে সালিশের আয়োজন করা হয়। সেখানে জমির মূল কাগজপত্র উপস্থাপনের জন্য বলা হলেও সংশ্লিষ্টরা তা দেখাতে পারেননি বলে দাবি করেন বাবুল মিয়া। তার ভাষ্য অনুযায়ী, পরবর্তীতে মৌখিকভাবে জমি পরিমাপ করা হলে বিক্রি করা জমির চেয়ে বেশি জায়গা তাদের দখলে থাকার বিষয়টি উঠে আসে। হিসাব অনুযায়ী উল্টো বাবুল মিয়া তাদের দখলে থাকা জায়গার মধ্যে ৪শতাংশ জমি পাবেন বলে সিদ্ধান্ত হয়।
পরবর্তীতে ৪শতাংশ জমি ফেরত না দিয়ে তাকে ১লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। ওই প্রস্তাবে রাজি না হওয়ায়, প্রবাসে অবস্থানরত মোঃ শফিকুল ইসলাম তার "শফিকুল দেওয়ান’ (Shofikul Dewan) নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাবুল মিয়াকে ‘চোর’ আখ্যা দিয়ে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। এতে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন ও মানহানি হচ্ছে বলে দাবি করেন বাবুল মিয়া।
সংবাদ সম্মেলনে বাবুল মিয়া বলেন, “আমি কোনো অন্যায় বা বেআইনি দখলের সঙ্গে জড়িত নই। আমার বৈধ জমির সঠিক পরিমাপ ও কাগজপত্রের ভিত্তিতে সীমানা নির্ধারণ করা হোক। একই সঙ্গে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে যে অপপ্রচার চালানো হচ্ছে, তারও সুষ্ঠু তদন্ত চাই।
তিনি জমি সংক্রান্ত বিরোধের সঠিক তদন্ত, অতিরিক্ত দখল হয়ে থাকলে তা নির্ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোঃ বাবুল মিয়া। এ সময় উপস্থিত ছিলেন তার ছোট ভাইয়ের স্ত্রী রোকসানা আক্তার, ফুলেরা বেগম, আব্দুর রাজ্জাক, মোঃ বাচ্চু মিয়া, মোঃ নজিমউদ্দিন, মোঃ আলতা, মোঃ ইউসুফ, জগলুসহ স্থানীয় আরও অনেকে।
তবে এ বিষয়ে অভিযুক্ত আবু সাঈদ মুন্সি, মোঃ শফিকুল ও মোঃ রফিকুলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।