জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুরে বিএনপি নেতা রুনু তালুকদারের একমাত্র সন্তান ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী তাহমিদ আলম তালুকদারের কবর জিয়ারত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মাহমুদপুরে মরহুমের পৈতৃক বাড়িতে গিয়ে তিনি কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তাহমিদ আলম তালুকদার গত ৬ সেপ্টেম্বর সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। পরে মাহমুদপুরে নিজ পৈতৃক বাড়িতে তার মরদেহ দাফন করা হয়।
মরহুম তাহমিদ আলম তালুকদারের বাবা রুনু তালুকদার মেলান্দহ উপজেলা মেলান্দহ সরকারি কলেজ ও সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস এবং বর্তমানে মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
কবর জিয়ারতের সময় সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জুর সঙ্গে উপস্থিত ছিলেন মেলান্দহ পৌর বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম রেজা, দ্য ডেইলি ফ্রন্ট নিউজ পত্রিকার সম্পাদক মোঃ মেহেরউল্লাহ, বিএনপি নেতা রঞ্জু তালুকদার, কৃষক দলের নেতা শফিকুল ইসলাম, ছাত্রদলের মেলান্দহ সরকারি কলেজ শাখার সাবেক নেতা মিশুসহ স্থানীয় নেতাকর্মীরা।
তাহমিদ আলমের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
শোক প্রকাশ করে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, প্রিয় সন্তান হারানোর এই অপূরণীয় ক্ষতি ভাষায় প্রকাশ করার মতো নয়।