বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের মেলান্দহে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) মেলান্দহ উপজেলা সদরের ডাক্তারবাড়ি প্রাঙ্গণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ.কে.এম. ইহসানুল হক মঞ্জুর উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এ.কে.এম. ইহসানুল হক মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান তালুকদার, দ্য ডেইলি ফ্রন্ট নিউজের সম্পাদক মোঃ মেহের উল্লাহ, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মেলান্দহ প্রেসক্লাবের সভাপতি আযম খান, জাসাস জামালপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান এবং বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সমন্বয়ক জুয়েল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে এ.কে.এম. ইহসানুল হক মঞ্জু বলেন, “আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একনিষ্ঠ সৈনিক। মানুষ শুধু বক্তব্য শুনতে চায় না, তারা সেবা নিতে চায়। আমরা যদি মানুষকে সেবা দিতে না পারি, তাহলে বিএনপির অবস্থানও শক্তিশালী হবে না।
আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের একক নেতৃত্বে বিএনপিতে ঐক্যবদ্ধ। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি।

তিনি আরও বলেন, “মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার উন্নয়নের জন্য আমরা যা কিছু করার প্রয়োজন, তা করে যাব। আদর্শের ভিত্তিতে রাজনীতি করে মানুষের কল্যাণে কাজ করতে চাই। আপনারা সবাই আমার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন-ইনশাআল্লাহ আমরা সফল হব।
স্থানীয় পরিষদ নির্বাচনে দলের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং দেশের মানুষের পাশে থেকে তাদের সেবা করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলান্দহ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল করিম রেজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেলান্দহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদুর রহমান মিস্টার।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।