জামালপুরের মাদারগঞ্জে সড়ক পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় ছাইর উদ্দিন (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বালিজুড়ী বাজারের কাঁচাবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাইর উদ্দিন মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী নামাপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত মোনাজ প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে ছাইর উদ্দিন বালিজুড়ী বাজারের কাঁচাবাজার সড়ক পারাপার হচ্ছিলেন, এ সময় একটি অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান প্রাথমিক চিকিৎসা শেষে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করে, অবস্থার অবনতি হলে জামালপুর থেকে ময়মনসিংহ রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক ।
পরে ময়মনসিংহে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।