জামালপুরের মাদারগঞ্জে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রকিবুল হাসান হৃদয় (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত রকিবুল হাসান হৃদয় উপজেলার বালিজুড়ী পূর্ব পাড়া গ্রামের বাসিন্দা।
গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালিজুরি বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সূত্রে জানা যায়, মাদারগঞ্জ ও আশপাশের এলাকায় মাদক কেনাবেচার গোপন সংবাদ পায় থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে মাদারগঞ্জ থানা পুলিশের একটি চৌকস বালিজুড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে রকিবুল হাসান হৃদয়ের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশীষ রায় জানান, গ্রেফতারকৃত হৃদয় এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে, তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদক কারবারিদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে ওসি স্নেহাশীষ রায় বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে এবং মাদকমুক্ত মাদারগঞ্জ গড়তে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে আমরা স্থানীয়দের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
এদিকে পুলিশের এমন তৎপরতা ও মাদকবিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তারা বলছেন, মাদকের বিস্তার রোধে এ ধরনের নিয়মিত অভিযান ও কঠোর আইনানুগ ব্যবস্থা অপরাধীদের নিরুৎসাহিত করবে এবং এলাকায় স্বস্তি ফিরবে ।