
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে সোহেল নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ বুধবার (৬মে) বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নাজিরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নাজিরপুর এলাকায় নিজের ভুট্টা ক্ষেতে কাজ করছিলেন সোহেল। এসময় হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। ঝড়ের কবলে পড়ে ক্ষেত থেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগেই আকস্মিক একটি বজ্রপাত সরাসরি তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
পরবর্তীতে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নিয়ে আসলেও ততক্ষণে সব শেষ হয়ে যায়। নিহতের পরিবার ও স্থানীয়দের মাঝে এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বর্তমান সময়ে কালবৈশাখী ও বজ্রপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় কৃষি কাজের সময় আকাশ মেঘাচ্ছন্ন হলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য আবহাওয়াবিদগণ পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে খোলা মাঠ বা খোলা আকাশের নিচে অবস্থান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
মন্তব্য করুন