
জামালপুরের ইসলামপুরে কালোবাজারে তেল বিক্রির অভিযোগে ঝর্না ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অনিয়মের সত্যতা পাওয়ায় স্টেশনটির ম্যানেজারকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ এলাকায় অবস্থিত ঝর্না ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে দীর্ঘদিন ধরে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগের প্রমাণ পাওয়া যায়।
পরে স্টেশনটির ম্যানেজার মিজানুর রহমানকে দুইটি মামলায় ১ লক্ষ টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) মোঃ রেজোয়ান ইফতেকার। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, বাজার স্থিতিশীল রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগ ছিল। প্রশাসনের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন তারা।
কালোবাজারি ও ভোক্তা স্বার্থবিরোধী কর্মকাণ্ড ঠেকাতে ভবিষ্যতেও কঠোর নজরদারি থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
মন্তব্য করুন