
জীর্ণ-শীর্ণ একটি ঘর। বৃষ্টি এলেই ছাদ চুইয়ে ঘরের ভেতর পড়ে পানি। সেই ভাঙা ঘরটিই ৬৫ বছর বয়সী আজহার আলী ও তাঁর অসুস্থ স্ত্রী এলেজা বেগমের একমাত্র আশ্রয়। বয়সের ভারে কর্মক্ষমতা হারিয়ে এবং অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে মানবেতর জীবন কাটছে এই অসহায় দম্পতির।
রোববার দুপুরে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ আইগেনিপাড়া এলাকায়, পাকা সড়কের পাশের একটি জরাজীর্ণ ঘরে।
আজহার আলী একসময় দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। কিন্তু বয়স ও শারীরিক দুর্বলতার কারণে এখন আর কাজ করতে পারেন না। ফলে নিত্যদিনের খাবারসহ সংসারের প্রয়োজন মেটাতেই তাঁকে হিমশিম খেতে হচ্ছে। মাথা গোঁজার ঠাঁই হিসেবে যে ঘরটিতে তাঁরা বসবাস করেন, সেটিও দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে।
আজহার আলীর একমাত্র ছেলে থাকলেও তিনি স্ত্রী-সন্তান নিয়ে অন্যত্র বসবাস করেন। অসুস্থ বাবা-মায়ের নিয়মিত খোঁজখবর বা প্রয়োজনীয় সহযোগিতা না থাকায় অনেকটাই অবহেলা ও অসহায়ত্বের মধ্যে দিন কাটছে তাঁদের।
এর মধ্যে প্রায় ছয় মাস ধরে প্যারালাইজড হয়ে শয্যাশায়ী আজহার আলীর স্ত্রী এলেজা বেগম। অর্থের অভাবে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না স্বামী। ওষুধ কেনার সামর্থ্যও অনেক সময় থাকে না। অসুস্থ স্ত্রীকে নিয়ে ভাঙা ঘরেই কষ্টে দিন পার করছেন আজহার আলী।
এলাকাবাসীর ভাষ্য, সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ এগিয়ে এলে অসহায় এই দম্পতির জীবন কিছুটা স্বস্তির হতে পারে।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক বলেন, “আজহার আলীর স্ত্রী প্যারালাইজড হয়ে থাকলে বা তাঁর দুই পা অবশ হয়ে থাকলে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করা যেতে পারে। বর্তমানে কিছু ওষুধপত্র দিয়ে সহযোগিতা করা সম্ভব। আর্থিক সহযোগিতার জন্যও আবেদন করতে পারবেন। তবে বর্তমানে আমাদের ফান্ড নেই।
অসহায় এই দম্পতির আকুতি- একটি নিরাপদ ঘর, স্ত্রীর চিকিৎসা এবং দুবেলা খাবারের নিশ্চয়তা। তাঁদের এই মানবেতর জীবনযাপনের অবসানে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের সামর্থ্যবান মানুষের মানবিক সহযোগিতা এখন সবচেয়ে বেশি প্রয়োজন।
মন্তব্য করুন