
“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” এই প্রতিপাদ্যে জামালপুরের মেলান্দহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১ টায় মেলান্দহ উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে উপজেলা প্রশাসন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে মেলান্দহ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করে উপজেলার মেলান্দহ বাজার ও থানা রোড হয়ে একই স্থানে এসে শেষ হয়। বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ র্যালিতে অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহমুদুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মন্জুরুল কবির মন্জু, বনিক সমিতির সভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা শাহজামাল, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরহাদ আলী।
অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আকতার জ্যোতি, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা ইকবাল হোসেন, একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম, মেলান্দহ পৌরসভার সহকারী প্রকৌশলী মুহাম্মদ মোয়াক্ষির হোসেন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে শেখার বিষয় নয়, এটি মানুষের ক্ষমতায়ন, আত্মমর্যাদা ও উন্নত জীবনের অন্যতম প্রধান হাতিয়ার। বর্তমান সময়ে প্রচলিত অক্ষরজ্ঞান অর্জনের পাশাপাশি ডিজিটাল, আর্থিক ও তথ্যসাক্ষরতাও জরুরি। তিনি বলেন, কোনো শিশু যেন শিক্ষার বাইরে না থাকে এবং ঝরে পড়া রোধে প্রশাসন, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
র্যালি ও আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বনজ ও ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
মন্তব্য করুন