
জামালপুরের মেলান্দহে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. এনামুল হককে (৩২) গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের সঙ্গে আসামিপক্ষের লোকজনের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় এনামুল হক ও তার স্ত্রী সবুজা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের অভিযানের মধ্যে হ্যান্ডকাপ পরা অবস্থায় জামালপুর সদরের বাসিন্দা রবিউল নামের আরও এক আসামি পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৫টার দিকে মেলান্দহ উপজেলার ১১ নম্বর শ্যামপুর ইউনিয়নের ২ নম্বর চর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ এনামুল হককে গ্রেপ্তারের জন্য মেলান্দহ থানা পুলিশের একটি দল সিভিল পোশাকে অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই তারিকুল ইসলাম হিমন, এএসআই আব্দুল আওয়াল, এএসআই আবু রায়হান ও কনস্টেবল তাহের।
অভিযানের একপর্যায়ে এনামুলকে গ্রেপ্তারের সময় তার পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এ সময় এনামুলের স্ত্রী, ছেলে, মা ও বোনসহ কয়েকজন পুলিশের ওপর চড়াও হয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পুলিশের।
পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় ফিরেছেন এবং দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এদিকে, অভিযানের সময় হ্যান্ডকাপ পরা অবস্থায় রবিউল নামের আরও এক আসামি পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, “এ ঘটনায় ওয়ারেন্টভুক্ত আসামি এনামুল হক ও তার স্ত্রী সবুজা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
মন্তব্য করুন