
বিয়ের আগেই শারীরিক সম্পর্ক, অর্থ লেনদেন, উপহার হিসেবে কেনাকাটা—এমনকি মধুচন্দ্রিমার মতো সময় কাটানোর পরও বিয়ের স্বীকৃতি না পাওয়ার অভিযোগ উঠেছে জামালপুরের মেলান্দহে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের সূত্র ধরে আলী হোসেন (২২) নামে এক যুবকের সঙ্গে সংসার করার স্বপ্ন দেখেছিলেন নুরজাহান নামে ২ সন্তানের জননী।
ভুক্তভোগী নুরজাহান জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের ভালুকা গ্রামের নুর হোসেনের মেয়ে। প্রথম স্বামীর সংসারের ইতি টেনে তিনি নারায়ণগঞ্জের ফারিয়া গার্মেন্টসে সুইং অপারেটর হিসেবে কাজ করেন। উপজেলার টুপকারচরে নানির বাড়িতে যাতায়াতের সুবাদে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় ৪ নম্বর নাংলা ইউনিয়নের রূপসী হাটা গ্রামের বাসিন্দা সুরুজ্জামান ওরফে হুটকুর ছেলে আলী হোসেনের সঙ্গে।
নুরজাহানের দাবি, পরিচয় থেকে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক চলাকালে গার্মেন্টসে কাজ করে উপার্জিত অর্থ থেকে তিনি প্রতি মাসে আলী হোসেনকে টাকা দিতেন। এ ছাড়া তাঁর মন রাখতে মাঝেমধ্যে কেনাকাটাও করে দিতেন। সম্পর্কের একপর্যায়ে অন্তঃসত্ত্বা হলে আলী হোসেনের পাঠানো টাকায় গর্ভপাত করান বলেও দাবি করেন তিনি।
ভুক্তভোগী তরুণীর ভাষ্য অনুযায়ী, মেলান্দহের ডেফলা এলাকায় তাঁর ফুফাতো বোনের স্বামীর বাড়িতে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তাঁরা একসঙ্গে ছিলেন। পরে দুপুরে মেলান্দহের জিন্নাহ মার্কেট এলাকায় আলী হোসেন মায়ের অসুস্থতা ও প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে ব্যাগ রেখে তাঁর কাছ থেকে আলাদা হন। এরপর থেকে তাঁর খোঁজ না পেয়ে বিয়ের স্বীকৃতির দাবিতে আলী হোসেনের বাড়িতে যান নুরজাহান।
তবে ওই সময় আলী হোসেনের পরিবারের কেউ বাড়িতে না থাকায় বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শুরু হয় সমালোচনার ঝড়।
পরে ভুক্তভোগী তরুণীর কথিত এক ফুফার মধ্যস্থতায় দুই লাখ টাকায় বিষয়টি মীমাংসা করা হয়েছে বলে জানা যায়। তবে এই অর্থ কার পক্ষ থেকে দেওয়া হয়েছে, কী শর্তে মীমাংসা হয়েছে এবং উভয় পক্ষের সম্মতি ছিল কি না—এসব বিষয় জন্ম দিয়েছে নানান প্রশ্নের।
এটি কি দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের টানাপোড়েন, নাকি প্রতারনার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়ার কুটকৌশল।
এ বিষয়ে জানতে চাইলে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাননি তাঁরা। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন