
জামালপুরের মেলান্দহে আওয়ামী লীগের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ এবং মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকালে উপজেলার ৭নং চরবানী পাকুরিয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় মহিরামকুল মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি জামালপুর-মাদারগঞ্জ মহাসড়ক হয়ে মহিরামকুল বাজার প্রদক্ষিণ করে। পরে মিছিলটি মহিরামকুল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. সেলিম মিয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আকন্দ ও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান চিশতি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম দিদার, সহদপ্তর সম্পাদক শাহজামাল, সদস্য জেকেরুল্লাহ ও মিনহাজ উদ্দিন বাবু, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. মফিজ উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন বিএসসি, ওয়াসিফ বিল্লাহ মটো, সহসম্পাদক রাফিউজ্জামান রাফু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মনিরুজ্জামান লাইজু এবং উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক আল মামুনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক সেবনকারী যে-ই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া যাবে না।
এ ছাড়া স্থানীয় ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য বন্ধের দাবি জানিয়ে বক্তারা বলেন, ভূমি অফিসে কোনো দালাল গেলে তাকে আটক করে রাখার ব্যবস্থা করতে হবে। ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
মন্তব্য করুন