
জামালপুরের মেলান্দহে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুর ২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) মেলান্দহ উপজেলা শাখা।
বাংলাদেশ শিক্ষক সমিতি মেলান্দহ উপজেলা শাখার সভাপতি মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূঁইয়া।
অন্যান্যদের মধ্যে মেলান্দহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মন্জু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আলহাজ্ব নূরল আলম সিদ্দিকী, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হাফিজ নাহিনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীের উদ্দেশ্যে এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না, তোমাদের ভালো মানুষ হতে হবে। সততা ও নৈতিকতার শিক্ষা নিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে নিজেদের দূরে রাখতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করতে হবে।
তিনি আরও বলেন, অর্থাভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হতে দেওয়া হবে না। যেসব শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে লেখাপড়া চালিয়ে যেতে পারছে না, তাদের ভর্তি থেকে শুরু করে পড়াশোনার দায়িত্ব নেওয়া হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৫১ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা তুলে দেওয়া হয়।
মন্তব্য করুন