
বিদ্যালয়ে যাওয়ার পর নিখোঁজ হয়েছিল সাত বছরের শিশু মরিয়ম। এরপর তিন দিন ধরে স্বজনদের উদ্বেগ, উৎকণ্ঠা আর নানা জায়গায় খোঁজাখুঁজি। অবশেষে শনিবার গভীর রাতে বিদ্যালয়ের পাশের একটি বসতঘরের মাটির নিচ থেকে মিলল তার মরদেহ।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের চরলোটাবর এলাকায় জামিনুর নামের এক ব্যক্তির বসতঘরের মাটির নিচে চাপা দেওয়া অবস্থায় মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মরিয়ম ওই এলাকার বাহাদুরের মেয়ে। সে সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন দিন আগে বিদ্যালয়ে যাওয়ার পর নিখোঁজ হয় মরিয়ম। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্বজনরা আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
এরই মধ্যে শনিবার রাতে বিদ্যালয়ের পাশের জামিনুরের বসতঘরে মাটিচাপা দেওয়া অবস্থায় মরিয়মের মরদেহের সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে মাদারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ছোট্ট মরিয়মের এমন করুণ মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে গভীর শোক ও ক্ষোভ।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করে মরদেহ মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য করুন