
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সহযোগিতা, গবেষণা, উদ্ভাবন ও শিল্পায়ন নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে পাঁচটি প্রতিষ্ঠান ও কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক (MoU) সই করেছে বিশ্ববিদ্যালয়টি।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন চত্বরে “The Role of Academia–Industry Collaboration: Research Excellence, Innovation and Industrialization” শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে গবেষণার ফলাফল বাস্তব ক্ষেত্রে প্রয়োগ, শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরি, প্রযুক্তির উৎকর্ষ, শিক্ষার্থীদের শিল্পভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং যৌথ গবেষণার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘তারুণ্যের ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক পর্বে একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়। এতে শিক্ষার্থীরা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তাদের ভাবনা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে শিল্পখাতের সঙ্গে যুক্ত করা বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিল্পের বাস্তব চাহিদা ও সমস্যাকে গবেষণার সঙ্গে সম্পৃক্ত করা গেলে গবেষণার ফলাফল আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব। একই সঙ্গে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথি পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. আব্দুল মজিদ প্রামাণিক বলেন, গবেষণা ও উদ্ভাবনের ফলাফল মাঠপর্যায়ে প্রয়োগে বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ প্রয়োজন। এ ধরনের অংশীদারত্ব জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি দেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে পারে।
জাবিপ্রবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন বলেন, একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ বাড়বে। পাশাপাশি যৌথ গবেষণা ও প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরও প্রয়োগমুখী হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনকে শিল্প ও সমাজের প্রয়োজনের সঙ্গে যুক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। জাবিপ্রবিতে একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সহযোগিতার একটি কার্যকর কাঠামো গড়ে তুলতে পর্যায়ক্রমে আরও উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে জাবিপ্রবির সঙ্গে পাঁচটি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই হয়। প্রতিষ্ঠানগুলো হলো—বায়োজিন কসমেসিউটিক্যালস (Bio-Xin Cosmeceuticals), রুপল ইন্টিগ্রেট (Integrated Aquaculture Farm), ডাটা সফট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলি (DMA) ইনক্ লিমিটেড, ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) এবং পল্লী উন্নয়ন একাডেমি (RDA), বগুড়া।
সমঝোতা স্মারকের আওতায় যৌথ গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি বিনিময় এবং শিল্পসম্পৃক্ত শিক্ষা কার্যক্রমে সহযোগিতার সুযোগ তৈরি হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভবিষ্যতে একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সহযোগিতা আরও জোরদার করতে এ ধরনের সেমিনার, সিম্পোজিয়াম ও অন্যান্য কার্যক্রম নিয়মিত আয়োজন করা হবে। জাবিপ্রবিতে প্রথমবারের মতো বড় পরিসরে আয়োজিত এ সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
মন্তব্য করুন