
জামালপুরের মেলান্দহে মাজরা পোকা দমনের কীটনাশক কিনতে গিয়ে ঘাস মারার বিষ প্যারাকোয়াট দেয়ার অভিযোগ উঠেছে এক কীটনাশক ব্যবসায়ীর বিরুদ্ধে। ওই বিষ ধানক্ষেতে প্রয়োগের পর কৃষক মাসুদ মিয়ার পাঁচ বিঘা রোপা আমন ধানক্ষেত পুড়ে নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করেছেন তিনি। এতে অপূরণীয় ক্ষতির মুখে পড়েছেন ওই কৃষক।
ঘটনাটি ঘটেছে মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের ভালুকা এলাকায়। অভিযুক্ত ব্যবসায়ীর নাম রতন বাবু। মেলান্দহ বাজারস্থ অনিমা এন্টারপ্রাইজ এর তিনি মেলান্দহ বাজারে কীটনাশকের ব্যবসা করেন।
ভুক্তভোগী কৃষক মাসুদ মিয়া জানান, গত শনিবার বিকেলে মাজরা পোকা দমনের বিষ চাইলে ব্যবসায়ী তাঁকে পোকা নিধনের বিষের সাথে ঘাস মারার বিষ দেন বলে অভিযোগ করেন। পরে ওই বিষ ধানক্ষেতে প্রয়োগ করার পর পুরো জমির ধান পুড়ে নষ্ট হয়ে যায়।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনসহ ওই ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে গেলে তিনি প্রথমে দোষ স্বীকার না করে উল্টো তাঁকে চোর বলে আখ্যা দেন..
প্রায় পাঁচ বিঘা জমির ফসল নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষক মাসুদ মিয়া এখন চরম দুশ্চিন্তায় রয়েছেন। তাঁর ক্ষতিপূরণ ও ঘটনার সুষ্ঠু সমাধানের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।
খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ পরিদর্শন শেষে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত অনিমা এন্টারপ্রাইজ কে ভ্রাম্যমাণ আদালতের ক্যাশমেমো ব্যবহার না করা এবং খোলা বিষ বিক্রি করার দায়ে ভোক্তা সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা আক্তার জ্যোতি।
মন্তব্য করুন