
জামালপুরের মাদারগঞ্জে তালা ভেঙ্গে বাড়ী ঘরের মালামাল চুরি’র অভিযোগ উঠেছে ভুক্তভোগীর দেবর- ভাসুর এর বিরুদ্ধে।
চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাত ৯ টায় মাদারগঞ্জ মডেল থানায় ওই এলাকার পাশ্ববর্তী সাজাহান (৬৪),সুলতান (৭০), দুলাল ( ৬২), ইব্রাহিম (৪৮)মিনহাজ (৪২),ফাহিমা (৩৭) কে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী তানজিনা আফরোজ রিক্তা।
মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পশ্চিম নলছিয়া এলাকার তানজিনা আফরোজ রিক্তা বেগম (৪৫) তার দেবর ও ভাসুর এর বিরুদ্ধে এ অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ্য রয়েছে গত ৮ ডিসেম্বর/২৫ সন্ধায় প্রতিবেশী একজন মুঠোফোনে জানায় ঘরের তালা ভেঙ্গে মালামাল লুটপাট করে নিয়ে যাচ্ছে। আমার দেবর ও ভাসুরদ্বয় পূর্ব শত্রুতার জেরে আমার বাড়ীতে এ লুটপাটের ঘটনা ঘটিয়ে এলইডি টিভি,ফ্রিজ, পানির মটর, আইপিএস, বেরের ধান,ডামের চালসহ আলমারি ও আলনার মালামাল চুরি করে নিয়ে যায়। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে টুকিটাকি আসবাবপত্র। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।
একই বাড়ীতে গত দুই মাস পূর্বেও চুরি হয়, এ বিষয়ে থানায় অভিযোগ রয়েছে। একই বাড়ীতে নতুন করে চুরির ঘটনায় আতংক বিরাজ করছে ওই পরিবারের সদস্যদের মাঝে।
ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ মেম্বার। ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী পরিবার রিক্তা বেগম জানান পূর্ব থেকেই আমাদের সাথে শত্রুতা করে আসতেছে ভাসুর ও দেবর।
আমার স্বামী অসুস্থ হয়ে পড়লে তারা চিকিৎসা করাতে দেয়নি তখনও বাঁধা সৃষ্টি করেছিল, স্বামীর মৃত্যুর পর তাদের অত্যাচারে নিজবাড়ীতে থাকতে পারি না। আমি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করি। তাদের ভয়ে নিজ বাড়ীতে যেতে পারি না। এখনও আমার মায়ের বাড়ী থেকে স্কুলে যাতায়াত করতে হয়। সবকিছু লুটপাট এবং জমি দখল করার জন্য তারা এই ঘটনা ঘটিয়েছে। চুরির কর্মকান্ডে জড়িতদের আইনগত ভাবে শাস্তির দাবি করেন ভুক্তভোগী।
মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন